আজকাল বাঙালি বাংলা বলে, এইভাবে:
'ভূমিকা নিভিয়েছে' - ভূমিকা কি মোমবাতি?
আবার মোমবাতি নেভাতে হলে বলছে, 'বুঝিয়ে দাও'। জানিনা, কোনো লেখা বা প্রশ্ন বুঝিয়ে দিতে হলে এরা কি বলে।
'হাতে ললিপপ থামাচ্ছে।' কারণ ললিপপ হল বাবুঘাট থেকে হাওড়া যাওয়ার মিনিবাস, কিন্তু সেটা হাতে কিভাবে থামায় জানিনা।
এছাড়াও আছে কোলকাতা কর্পোরেশনের 'স্বচ্ছতা সে স্বাগত'। বাংলায় স্বচ্ছতার অর্থ হল যাকে ইংরেজিতে বলে transparency।
খবরের চ্যানেলের হেডলাইনগুলোতে দেখি কিভাবে কিছু শব্দবন্ধ বাংলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন, 'আতঙ্কবাদি', বাংলা শব্দটি হল 'সন্ত্রাসবাদি'।
"খাতা খুলেছে", এটা ক্রিকেটের হিন্দি কমেন্ট্রিতে বলা হত, এখন বাংলাতেও বলা হয়।
"প্রবল বৃষ্টির সম্ভাবনা" হয়ে গিয়েছে "ভারী বৃষ্টির সম্ভাবনা"।
সেদিন শুনলাম একজন ফোনে বলছে, "আজ মিলবি নাকি", হিন্দির অনুকরণে 'দেখা করবি' হয়ে গেছে 'মিলবি'। এমন অনেক শব্দ যেগুলোর বাংলা মানে সম্পূর্ণ আলাদা, সেগুলোকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, হিন্দির আদলে।
আর বিজ্ঞাপন জগতের কথা ছেড়েই দিলাম। যে পেশায় এত বাঙালি, অথচ বাংলাভাষার প্রতি এত অবহেলা।
'উপলব্ধ আছে', এটা বাংলা ভাষা একেবারেই নয়।
বাংলায় একটা শব্দ আছে, 'উপলব্ধি,' যার ইংরেজি অর্থ realisation।
এছাড়াও কিছু অদ্ভুত গোছের বাগধারা যেগুলো হিন্দির translation, সেগুলো অবলীলায় বাংলা বিজ্ঞাপনে চালানো হচ্ছে, যেমন:
"কম দামি শ্যাম্পু কি ভারী পড়ে গেল?" Head & Shoulders এর বিজ্ঞাপন।
আপনার বাবা বা দাদুকে জিজ্ঞেস করুন তাঁরা এটার মাথামুন্ডু বুঝলেন কিনা।
আরেকটা হল "জেদি দাগ", Surf Excel "জেদি দাগ" দূর করে।
মাংসের ঝোলের যে এত জেদ কে জানত!
মুম্বইয়ের বড় বড় বিজ্ঞাপন সংস্থা এই অ্যাডগুলো বানিয়েছে এবং খোঁজ নিয়ে দেখুন, সেখানেও প্রচুর বাঙালি কাজ করে।
হিন্দির প্রতি আমার বিদ্বেষ নেই, আপনি হিন্দি, ইংরেজি, তেলুগু যে ভাষায় ইচ্ছে কথা বলুন কিন্ত বাংলা বললে বাংলা শব্দ ব্যবহার করুন এবং সঠিক context এ। এইভাবে কথা বলে বাংলা শব্দগুলোর অর্থ বদলে দেবেন না, এটাই অনুরোধ।
আমি নিজে প্রবাসী, বঙ্গে এসে দেখি এখানের বাঙালি এইভাবে কথা বলে আজকাল।